শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : এক শতাব্দীরও বেশি সময় আগে তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ায় রোববার সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
কোরিয়া আবহাওয়া প্রশাসন (কেএমএ) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইয়াংসানে স্থানীয় সময় দুপুর ১টা ২৬ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪২৬) তাপমাত্রা ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চলমান তীব্র তাপপ্রবাহের কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইয়াংসান। রোববার সেখানে টানা পঞ্চম দিনের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
দক্ষিণ কোরিয়ার বড় একটি এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দেশটির অনেক শহরে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
রোববার ২০টির বেশি এলাকায় জরুরি তাপপ্রবাহ সতর্কতা কার্যকর ছিল। বাড়তে থাকা তাপমাত্রার মোকাবিলায় চলতি বছর নতুন এই সতর্কতা ব্যবস্থা চালু করা হয়েছে।
কোনো এলাকায় তাপপ্রবাহের সময় অনুভূত তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা প্রকৃত তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস থাকলে এক দিনের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়।
কেএমএর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে দক্ষিণ কোরিয়ায় বছরে গড়ে তাপপ্রবাহের দিনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ১৯ দিনে পৌঁছেছে। ১৯৭০-এর দশকে এই সংখ্যা ছিল গড়ে আট দিন।
যে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে, তাকে তাপপ্রবাহের দিন হিসেবে ধরা হয়। আর রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকলে তাকে বলা হয় উষ্ণ রাত।
বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, মানুষের কর্মকাণ্ডজনিত জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের মতো চরম আবহাওয়াজনিত ঘটনা আরও ঘন ঘন ঘটছে এবং এর তীব্রতাও বাড়ছে।