শিরোনাম

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলা সীমান্তের কাছাকাছি উত্তর কলম্বিয়ার কুকুটা শহরে একটি পুলিশ স্টেশনের কাছে ট্রাকে রাখা বোমা বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার কয়েক দিন আগে শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।
কলম্বিয়ার সরকার এই হামলার জন্য দেশটির সবচেয়ে বড় সক্রিয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন)-কে দায়ী করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সরকারি তথ্য অনুযায়ী, হামলায় ১১ জন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ঘটনাস্থলে থেকে এএফপির সাংবাদিকরা জানান, বিস্ফোরণের পর হামলাকারীদের ব্যবহৃত যানটিতে আগুন জ্বলছে এবং আশপাশের ভবনের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।
নর্তে দে সান্তান্দের প্রদেশের গভর্নর উইলিয়াম ভিয়ামিজার জানান, আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক এবং তারা জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
আগামী ৭ আগস্ট শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন ডানপন্থি ধনকুবের আইনজীবী দে লা এসপ্রিয়েলা। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর স্থলাভিষিক্ত হচ্ছেন; পেত্রো ছিলেন কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থি প্রেসিডেন্ট। দে লা এসপ্রিয়েলা হামলাটিকে ‘একটি নৃশংস ও সহিংস ঘটনা’ বলে উল্লেখ করেছেন।