বাসস
  ০২ আগস্ট ২০২৬, ১১:৫৮

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৮ 

ঢাকা, ২ আগস্ট, ২০২৬ (বাসস) : হামাস যুদ্ধ বন্ধের চুক্তির সর্বশেষ ধাপে সম্মতি দেওয়ার কথা জানানোর পরও গাজায় রাতভর ইসরাইলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি হামলায় একাধিক আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয় বলে জানানো হয়েছে।

হামাস শুক্রবার জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত একটি পরিকল্পনায় তারা সম্মতি দিয়েছে। ওই পরিকল্পনায় হামাসের অস্ত্র হস্তান্তর এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে ইসরাইল এখনো আনুষ্ঠানিকভাবে এ চুক্তি নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে দেশটির একটি রাজনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, হামাসের ‘প্রকৃত নিরস্ত্রীকরণ’ ছাড়া ইসরাইলি বাহিনীর ‘কোনো ধরনের প্রত্যাহার হবে না’।

গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, রোববার মধ্যরাতের দিকে চালানো হামলায় একাধিক আবাসিক ভবনে আঘাত করা হয়েছে এবং আটজন নিহত হয়েছে।

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে চালানো একটি হামলায় একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি সামরিক হেলিকপ্টারের আঘাতে এক ব্যক্তি ও তার স্ত্রী নিহত হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র জানান।

গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি অ্যাপার্টমেন্টে হামলায় এক বৃদ্ধ ও এক শিশু নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে আরেকটি অ্যাপার্টমেন্টে হামলায় তিনজনকে লক্ষ্য করা হয়, যাদের মধ্যে একজন শিশু ছিল।

এর আগে শনিবার কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরাইলি হামলায় আরও আটজন নিহত হয়েছেন। ওই হামলায় একটি হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং একটি ভবনের ছাদও লক্ষ্যবস্তু করা হয়।