বাসস
  ০১ আগস্ট ২০২৬, ১১:৩৬

দীর্ঘ বিরতির পর ভেনেজুয়েলা ও আরুবার মধ্যে আবার চালু হচ্ছে বিমান চলাচল 

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : দীর্ঘ সাত বছর বন্ধ থাকার পর ভেনেজুয়েলা ও নেদারল্যান্ডসের ছোট দ্বীপ আরুবার মধ্যে আবারও বিমান যোগাযোগ চালু হতে যাচ্ছে। শুক্রবার আরুবার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নেদারল্যান্ডসের এই স্বায়ত্তশাসিত অঞ্চলটি ক্যারিবীয় অঞ্চলের তিনটি দ্বীপের একটি, যেগুলোকে একসঙ্গে ‘এবিসি দ্বীপপুঞ্জ’ বলা হয়। এর মধ্যে রয়েছে আরুবা, বোনায়ার ও কুরাসাও রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০১৯ সালে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই দ্বীপপুঞ্জের সঙ্গে দেশটির সব ধরনের সমুদ্র ও আকাশপথের যোগাযোগ বন্ধ করে দেন। সে সময় বিরোধীরা দ্বীপগুলোর মাধ্যমে সংকটপীড়িত ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল।

মাদুরো ওই উদ্যোগকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখেছিলেন।

আরুবার পরিবহনমন্ত্রী ভেনড্রিক সিসিলিয়া জানান, শনিবার থেকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালু হবে।

তিনি বলেন, ‘প্রথম ধাপে আরুবা ও ভেনেজুয়েলার মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য আকাশসীমা খুলে দেওয়া হবে।’

গত ২০১৯ সালের ওই কূটনৈতিক বিরোধের কয়েক মাস পর দুই দেশের মধ্যে সমুদ্রপথের যোগাযোগ অবশ্য পুনরায় চালু হয়েছিল।