বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১৩:৪৭

ইউক্রেনের হামলায় রাশিয়ার অনলাইন খুচরা প্রতিষ্ঠানের গুদামে আগুন

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (বাসস): ইউক্রেনের রাতের হামলায় রাশিয়ার ভলগোগ্রাদে দেশটির বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামে আগুন লেগেছে।  এতে একজন আহত হয়েছেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে রাশিয়ার বিভিন্ন এলাকায় অবস্থিত ওয়াইল্ডবেরিজের কয়েকটি গুদামে একই ধরনের হামলা চালানো হয়েছিল। এসব হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে।

ইউক্রেনের অভিযোগ, হাজার হাজার কর্মী নিয়োগ দেওয়া এবং রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হওয়া এই ই-কমার্স প্রতিষ্ঠানটি ড্রোনের যন্ত্রাংশ সংরক্ষণ করছে এবং রুশ সেনাবাহিনীকে সহায়তা করছে।

ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, ভলগোগ্রাদের ওই হামলায় কেউ হতাহত হয়নি। তবে হামলার পর স্থাপনাটিতে আগুন ছড়িয়ে পড়ে। ভলগোগ্রাদ ইউক্রেনের সীমান্ত থেকে ৩৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, ‘সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। অন্য স্থাপনা থেকে পণ্য গ্রহণ ও অর্ডার সরবরাহ কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।’

ওয়াইল্ডবেরিজ আরও জানায়, অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

এর আগে গত ১৮ ও ১৯ জুলাই ইউক্রেন রাশিয়ার তামবভ অঞ্চলে এবং মস্কো অঞ্চলের কাছে ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে হামলা চালায়। তামবভ অঞ্চল রুশ রাজধানী মস্কোর প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। ওই হামলায় আটজন হতাহত হন এবং কয়েকটি স্থাপনা ধ্বংস হয়।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, পশ্চিমাঞ্চলীয় পেনজা অঞ্চলের একটি গুদামে ড্রোন হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। এতে একজন আহত হয় এবং ২০০ জনের বেশি কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এছাড়া মস্কো থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার পূর্বে সারাপুল শহরে ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামেও ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।