বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১২:২১
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৩:০৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ: আটকে পড়া শ্রমিকের উদ্ধারে অভিযান অব্যাহত

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৪ শ্রমিকের প্রাণহানি হয়েছে। নিখোঁজ ও খনিতে আটকে পড়া  শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে ।

পাকিস্তানের কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার প্রাকৃতিক গ্যাস মিথেনের কারণে এ বিস্ফোরণ ঘটে। সম্পদসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার কাছে খনিটিতে বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। গতকাল রাতভর এ অভিযান চালানো হয়। 

বেলুচিস্তানের দক্ষিণাঞ্চলের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার ভোরে এক বিবৃতিতে জানায়, ‘মোতায়েন করা দলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আটকে পড়া বাকি শ্রমিকদের শনাক্ত ও উদ্ধার করতে যৌথ উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।’ তবে বিস্ফোরণের সময় খনিটিতে মোট কতজন শ্রমিক ছিলেন, তা জানানো হয়নি।

পাকিস্তানে, বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটে। ভূখণ্ডের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম এবং সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচিস্তান। শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নসহ প্রায় সব সূচকেই দেশটির অন্যান্য অঞ্চলের তুলনায় এ প্রদেশ পিছিয়ে রয়েছে।