বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১১:৪০

সেউতার ভিডিও দেখিয়ে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির পক্ষে হোয়াইট হাউস

ঢাকা, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : মরক্কো থেকে সম্প্রতি শত শত অভিবাসী এসে জড়ো হওয়া স্প্যানিশ ছিটমহল সেউতার একটি ভিডিও ফুটেজ দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা বৃহস্পতিবার তাদের অভিবাসনবিরোধী রাজনৈতিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপির সাংবাদিকরা জানান, তারা সেউতায় দেখেছেন মরক্কোর উত্তর উপকূল থেকে সাঁতরে বহু নারী, পুরুষ ও শিশু শহরটিতে প্রবেশ করছেন। সেউতার প্রেসিডেন্ট হুয়ান ভিভাস বুধবার জানান, গত কয়েক দিনে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসী সেখানে প্রবেশ করেছেন। ২০২১ সালের পর এটিই সবচেয়ে বড় অভিবাসী প্রবেশের ঘটনা।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী অভিবাসন-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি শেয়ার করে তিনি ডেমোক্র্যাটিক পার্টির অভিবাসন নীতির সঙ্গে এর তুলনা করেন এবং সমালোচনা করেন।

ভিডিওটির সঙ্গে এক্স-এ দেওয়া এক পোস্টে স্টিফেন মিলার লেখেন, ‘অনুপ্রবেশকারীরা আপনার বাড়ি দখল করে নিলেও এবং তা তছনছ করলেও ডেমোক্র্যাটরা সেটি দেখে আনন্দিত হবে।’

হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিয়াংও ফক্স নিউজ-এর একটি প্রতিবেদন এক্সে শেয়ার করেন। তিনি সেখানে লেখেন, ‘জো বাইডেনের শাসনামলে এমন পরিস্থিতিই দেখা গিয়েছিল। সৌভাগ্য যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে এমন ঘটনা আর ঘটবে না।’

অভিবাসনবিরোধী অবস্থানকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরে আসেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বৈধ কাগজপত্রহীন লাখ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার কার্যক্রম জোরদার করেছেন।

তবে ট্রাম্প প্রশাসনের এই কঠোর অভিযান রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এর প্রভাব আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে পড়তে পারে।