বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৪:৩৬

মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশের এলাকাকে হুমকির মুখে ফেলা দাবানল আর ছড়িয়ে পড়ছে না। আগুনও প্রায় নিভে এসেছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

মাদ্রিদের আঞ্চলিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, ‘রাতের আবহাওয়ার অনুকূল থাকার কারণে এলাকা ঠান্ডা করা এবং নিয়ন্ত্রণ বলয় আরও শক্তিশালী করা সম্ভব হয়েছে। পরিস্থিতি এখন স্পষ্টভাবে স্থিতিশীল। কয়েক দিন ধরে আগুন আর ছড়ায়নি। ধোঁয়ার স্থানও খুব কম। প্রায় আর কোনো আগুনের শিখা নেই।’

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আর কোনো ‘সক্রিয় ফ্রন্ট’ নেই। তবে, এখনো প্রায় ১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, চলমান তাপপ্রবাহের কারণে মাদ্রিদের পশ্চিমাঞ্চলে আবারও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সেখানে এরই মধ্যে ২৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে।

মাদ্রিদ আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ‘আগুন লাগার আবহাওয়াগত ঝুঁকি এখনো অত্যন্ত বেশি। কিছু এলাকায় তা চরম পর্যায়ের। তাই নিয়ন্ত্রণ বলয়ের স্থিতিশীলতা বজায় রাখা, নতুন করে আগুনের সূত্রপাত হচ্ছে কি না তা নজরদারি করা এবং উত্তপ্ত স্থানগুলো ঠান্ডা রাখার দিকেই গুরুত্ব দেওয়া হবে।’

বৃহস্পতিবার সকালে সবচেয়ে সংকটাপন্ন এলাকা ছিল রাজধানীর কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের সান হুয়ান জলাধারের আশপাশ। এ কারণে, সেখানকার দুটি শহর এখনো খালি রাখা হয়েছে।