বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১২:৪৫

অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ায় স্থানীয় ভাবে প্রাণঘাতী এইচ৫ বার্ড ফ্লুর সংক্রমণের প্রথম সন্দেহভাজন ঘটনা শনাক্ত হওয়ায় বন্যপ্রাণী রক্ষায় জনপ্রিয় একটি দ্বীপে বুধবার সমুদ্রসৈকত ভ্রমণ স্থগিত করা হয়েছে।

বিশ্বজুড়ে হাঁস-মুরগি ও বন্য পাখির মধ্যে মারাত্মক অসুস্থতা এবং উচ্চ মৃত্যুহারের জন্য দায়ী এইচ৫ ধরণের বার্ড ফ্লু থেকে দীর্ঘদিন ধরে মুক্ত একমাত্র মহাদেশীয় স্থলভাগ ছিল অস্ট্রেলিয়া।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত জুনে দেশটিতে প্রথমবারের মতো এক পরিযায়ী সামুদ্রিক পাখির শরীরে এই ভাইরাস শনাক্ত হয়।

বুধবার অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে অঙ্গরাজ্যের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্যাঙ্গারু আইল্যান্ডে বার্ড ফ্লুর চারটি সন্দেহভাজন সংক্রমণের খবর পাওয়া গেছে। দ্বীপটিতে বিলুপ্তপ্রায় সি লায়নের অন্যতম বৃহৎ আবাসস্থল রয়েছে।

দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রাথমিক শিল্পমন্ত্রী ক্লেয়ার স্ক্রিভেন সাংবাদিকদের জানান, সি লায়ন সুরক্ষায় দ্বীপটির সমুদ্রসৈকত ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তিনি বলেন, বুধবারের মধ্যেই অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে বার্ড ফ্লুর আরও ১১টি নতুন সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্ক্রিভেন বলেন, ‘এই পাখিগুলোর মাধ্যমে স্থানীয়ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে মনে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।’

দেশটির জাতীয় বিজ্ঞান গবেষণাগার চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় গ্রেটার ক্রেস্টেড টার্ন প্রজাতির পাখির মধ্যে সাতটি সংক্রমণ নিশ্চিত করেছে। এর ফলে অস্ট্রেলিয়ায় মোট শনাক্ত সংক্রমণ সনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭।

প্রাণঘাতী এই রোগ অস্ট্রেলিয়ার বন্যপ্রাণীর বিলুপ্তির ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলে উদ্বেগ রয়েছে। দেশটির বহু প্রাণী প্রজাতিই বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না।
অস্ট্রেলিয়ার প্রায় অর্ধেক বন্য পাখির প্রজাতি রয়েছে। ৮৩ শতাংশ স্তন্যপায়ী প্রাণী কেবল দেশটিতেই পাওয়া যায়।