শিরোনাম

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মেডিকেয়ার স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতায় ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের বিমা পরিকল্পনায় দেওয়া ফেডারেল ভর্তুকি বন্ধ করতে যাচ্ছে। মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় আড়াই কোটি প্রবীণ নাগরিকের প্রেসক্রিপশনে দেওয়া ওষুধের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্প প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মেডিকেয়ার বিমার প্রিমিয়াম বৃদ্ধি ঠেকাতে ফেডারেল সরকার যে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার ভর্তুকি দিত, তা চলতি বছরের ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে।
যারা বর্তমানে এই ভর্তুকিপ্রাপ্ত পরিকল্পনার আওতায় রয়েছেন, তারা শরৎকালে নতুন প্রিমিয়ামের হার জানতে পারবেন।
আগামী নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে এ সিদ্ধান্ত রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। কারণ, প্রেসক্রিপশন ওষুধের ব্যয় অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং নির্দিষ্ট আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়।
স্বাস্থ্যনীতি বিষয়ক অলাভজনক সংস্থা কেএফএফ জানিয়েছে, ভর্তুকিপ্রাপ্ত একটি পরিকল্পনার গড় মাসিক প্রিমিয়াম প্রায় ৩৬ ডলার।
ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ভর্তুকিপ্রাপ্ত পরিকল্পনার আওতাভুক্ত প্রায় এক-চতুর্থাংশ গ্রাহকের প্রিমিয়াম ২০২৭ সালে কমবে অথবা অপরিবর্তিত থাকবে। আরও ৩০ শতাংশের মাসিক প্রিমিয়াম ১০ ডলারের কম বাড়বে।
ওই কর্মকর্তা জানান, অবশিষ্ট ৪৫ শতাংশ গ্রাহকের মাসিক প্রিমিয়াম ১১ থেকে ২০ ডলার পর্যন্ত বাড়বে।