বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১৩:৩৪

জর্ডান সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করার দাবি ইসরাইলের

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : জর্ডান সীমান্তের কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে ইসরাইলি বিমান বাহিনী জর্ডান সীমান্ত এলাকায় একটি মানববিহীন আকাশযান (ইউএভি) ভূপাতিত করেছে।’

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ড্রোনটি ইসরাইলের আকাশসীমায় প্রবেশ করেনি। এটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে।’

চলতি মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে জর্ডানে বারবার হামলার ঘটনা ঘটেছে।

তবে, সাম্প্রতিক দফার এই সংঘাতে ইসরাইল অংশ নেয়নি।

এদিকে, পৃথক এক ঘোষণায় ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ভোরে গাজা উপত্যকা-সংলগ্ন কিসুফিম এলাকায় ‘ভুল শনাক্তকরণের’ কারণে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।