বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১১:৩৫

গুলিতে নিহত মেক্সিকোর মেয়রের বিধবা স্ত্রী চাঁদাবাজির মামলায় গ্রেফতার

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি শহরের নিহত মেয়রের স্ত্রীকে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম ও প্রসিকিউটরদের বরাতে এ তথ্য জানা গেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মোরেলোস রাজ্যের তেমোয়াক শহরের মেয়র ভ্যালেনটিন ল্যাভিন গত ২২ জুলাই একটি টাউন হল সভা চলাকালে গুলিতে নিহত হন। তিনি প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমের বামপন্থি রাজনৈতিক দলের মিত্র ছিলেন।

মেক্সিকো সিটির কাছাকাছি মোরেলোস অঞ্চলটিতে বেশ কয়েকটি মাদক চক্র সক্রিয় রয়েছে।

মোরেলোসের রাজ্য প্রসিকিউটর কার্যালয় সোমবার জানিয়েছে, তারা মারিসল এন-কে গ্রেফতার করেছে। মেক্সিকোর গণমাধ্যমে তাকে নিহত মেয়রের স্ত্রী হিসেবে শনাক্ত করেছে। একই সঙ্গে শহরের পৌর পুলিশের প্রধান গেওভানি ইমানুয়েল ‘এন’-কেও আটক করা হয়েছে।

প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, চাঁদাবাজিবিরোধী একটি অভিযানের অংশ হিসেবে তাদের দুজনকে আটক করা হয়েছে। তবে, গ্রেফতারের বিস্তারিত তথ্য বা এর সঙ্গে ল্যাভিনের হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা জানানো হয়নি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মাদক-সহিংসতা বেড়ে যাওয়ার পর ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মেক্সিকোতে প্রায় ১০০ জন মেয়র হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

গত বছরের নভেম্বরে মিচোয়াকান রাজ্যে ‘দ্য ডে অব দ্য ডেড’ উৎসব চলাকালে মেয়র কার্লোস মানজোকে গুলি করে হত্যার ঘটনা মেক্সিকোজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।