বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৭:০৭

বাজারে অভিষেকেই ৪৭০ শতাংশ দরবৃদ্ধি সিএক্সএমটি’র

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : চীনের শীর্ষ মেমোরি চিপ নির্মাতা চ্যাংসিন মেমোরি টেকনোলজিস (সিএক্সএমটি) সোমবার সাংহাই শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনেই ৪৭০ শতাংশ দরবৃদ্ধি পেয়েছে।

আজ সাংহাইয়ের প্রযুক্তিনির্ভর স্টার মার্কেটে সিএক্সএমটির শেয়ারের দাম দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান (৪৯০ বিলিয়ন ডলার)। বাজারমূল্যে এটি চীনের বৃহত্তম ব্যাংক আইসিবিসি-কেও ছাড়িয়ে মূল ভূখণ্ডের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়।

সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এটি ছিল চীনের মূল ভূখণ্ডে প্রযুক্তি খাতের ইতিহাসে সবচেয়ে বড় শেয়ার বিক্রি।

এর আগে ২০২০ সালে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন (এসএমআইসি) ৪৬ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান সংগ্রহ করে রেকর্ড গড়েছিল।

এআই সার্ভারের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উন্নত মেমোরি চিপের বৈশ্বিক চাহিদা এখন অত্যন্ত বেশি।

এর ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা দ্রুত বেড়েছে। একই সঙ্গে ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত অপেক্ষাকৃত সাধারণ ডিআরএএম মেমোরি চিপের বড় ঘাটতি তৈরি হয়েছে। এতে এসব চিপের দামও বেড়েছে।