শিরোনাম

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেইর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং দেশটির অন্যান্যের সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্যের জেরে ব্রাজিল তাৎক্ষণিক ভাবে আর্জেন্টিনায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এ তথ্য জানায়।
শনিবার সাও পাওলোতে ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর আনুষ্ঠানিক মনোনয়ন অনুষ্ঠানে বক্তব্য দেন মাইলেই। ফ্লাভিও বলসোনারোর নির্বাচনী সমাবেশে হাভিয়ের মাইলেই সরাসরি নাম উল্লেখ না করে ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্টকে ‘দণ্ডিত ব্যক্তি’ এবং ‘চোর’ আখ্যায়িত করেন। একই অনুষ্ঠানে তিনি নাম উল্লেখ না করে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েসকে ‘টাকমাথা আবর্জনা’ বলেও মন্তব্য করেন।
ব্রাজিলের একটি কূটনৈতিক সূত্র এএফপিকে জানায়, মাইলেই ‘সরকারের দুটি অঙ্গ, ব্রাজিলের জনগণ এবং ব্রাজিলের গণতন্ত্রকে অপমান করেছেন।’
সূত্রটি আরও জানায়, এসব ‘অপমানজনক’ মন্তব্যের প্রতিবাদ জানাতে রোববার আর্জেন্টিনার রাষ্ট্রদূতকেও তলব করে ব্রাজিল।
এদিকে, রোববার শ্রমিক ইউনিয়নের একটি অনুষ্ঠানে লুলা বলেন, ‘আমি কারও হস্তক্ষেপ ছাড়াই নেতৃত্ব দিয়ে যাব। কারণ, ব্রাজিলে আমরা কাউকে তার সীমার বাইরে নাক গলাতে দিই না।’
তবে, তিনি কার উদ্দেশে এ মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি।