বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৩:২২

সলোমন দ্বীপপুঞ্জের বড় স্বর্ণখনিতে ভূমিধস, নিহতের সংখ্যা নিয়ে উদ্বেগ

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : প্রশান্ত মহাসাগরীয় দেশ সলোমন দ্বীপপুঞ্জের একটি বড় স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।

চীনের মালিকানাধীন গোল্ড রিজ খনি দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। গত বছর খনিটির সম্প্রসারণ কার্যক্রম শুরু হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভূমিধসের ঘটনায় কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে রয়্যাল সলোমন আইল্যান্ডস পুলিশ ফোর্স কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম ইন-ডেপথ সলোমনস জানিয়েছে, খনি এলাকায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সলোমন দ্বীপপুঞ্জের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এএফপিকে নিশ্চিত করেছে, রাজধানী হোনিয়ারার প্রায় ২৫ কিলোমিটার (১৬ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত ওই খনিতে ভূমিধস হয়েছে।

রাজধানী হোনিয়ারার ন্যাশনাল রেফারেল হাসপাতাল জানিয়েছে, তারা হতাহতদের গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

হাসপাতালের কর্মী লাইরেক্স অ্যালিক এএফপিকে বলেন, ‘কিছু মানুষ মারা গেছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, খনি এলাকায় ধসে পড়া পাথর ও মাটি সরাতে বুলডোজার দিয়ে খনন কাজ চলছে।

গোল্ড রিজ খনির বেশিরভাগ মালিকানা চীনা প্রতিষ্ঠান ওয়াংগুও ইন্টারন্যাশনাল মাইনিংয়ের হাতে। প্রতিষ্ঠানটি মে মাসে জানিয়েছিল, গত বছর দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় এক-চতুর্থাংশে এই খনির অবদান রয়েছে।

গোল্ড রিজ ও ওয়াংগুও ইন্টারন্যাশনাল মাইনিং—দুই প্রতিষ্ঠানই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দেশটির নতুন প্রধানমন্ত্রী ম্যাথিউ ওয়ালে সম্প্রতি খনি খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগের কথা জানিয়েছেন, যাতে খনিজ সম্পদ থেকে পাওয়া আয়ের একটি বড় অংশ স্থানীয় অর্থনীতির উন্নয়নে ব্যবহার করা যায়।