বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১১:০৫

পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানানোয় আসিয়ানের বিরুদ্ধে ক্ষোভ জানাল উত্তর কোরিয়া 

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : উত্তর কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার আহ্বান জানানোয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের তীব্র সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। তিনি এ অবস্থানকে ‘বোকামিপূর্ণ ও অবাস্তব স্বপ্ন’ বলে অভিহিত করেছেন।

গত সপ্তাহে অনুষ্ঠিত আসিয়ানের বার্ষিক আঞ্চলিক ফোরামে জোটটি পিয়ংইয়ংয়ের চলমান পরমাণু অস্ত্র উন্নয়ন নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে। একই সঙ্গে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য ‘পরমাণুমুক্ত কোরীয় উপদ্বীপ প্রতিষ্ঠায়’ সংলাপের গুরুত্ব তুলে ধরে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে নিজেদের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অধিকার রয়েছে বলে দাবি করে আসছে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় এসব কর্মসূচি নিষিদ্ধ। ২০২৩ সালে দেশটি নিজেদের সংবিধানে পরমাণু শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অন্তর্ভুক্ত করে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্রের "পরমাণু নিরস্ত্রীকরণের" প্রচারণার সঙ্গে তাল মিলিয়ে আসিয়ান ফোরাম যে ‘স্পষ্ট বৈরী মনোভাব’ দেখিয়েছে এবং উত্তর কোরিয়ার সংবিধানকে উপেক্ষা করেছে, তাতে তিনি ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছেন।

তিনি বলেন, উত্তর কোরিয়ার সংবিধানকে উপেক্ষা করে কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি এখনও ধরে রাখা ‘কৌশলগত চিন্তা ও যুক্তির ব্যর্থতা’ এবং এটি একটি ‘বোকামিপূর্ণ ও অবাস্তব কল্পনা’।

কিম ইয়ো জং আরও বলেন, আসিয়ানকে যুক্তরাষ্ট্রের ‘ভাড়াটে মুখপাত্র হিসেবে ব্যবহৃত হওয়া’ থেকে সতর্ক থাকতে হবে।

চলতি বছরের জুনে উত্তর কোরিয়ার যোগাযোগ ও পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন, দেশটির পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকেই পিয়ংইয়ং বারবার নিজেদের ‘অপরিবর্তনীয়’ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আসছে। ওই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল।