শিরোনাম

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে, তাতে তিনি অংশ নেবেন না।
রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে মাচাদো ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, প্রস্তাবিত এই সংলাপের পরিকল্পনা, আয়োজন কিংবা বাস্তবায়নের কোনো পর্যায়েই তারা অংশ নেবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে তারা জানান, সংলাপে অংশ না নিলেও দেশের জন্য প্রকৃত অগ্রগতি বয়ে আনতে পারে— এমন কোনো উদ্যোগে বাধা দেবেন না বলে ।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
চলতি জুলাইয়ের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডেলসি রদ্রিগেজ ও ২০১৫-২০২০ মেয়াদের সাবেক কয়েকজন বিরোধী সংসদ সদস্য দেশের গণতন্ত্রকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
এ বিষয়ে মাচাদো বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য, পরিধি বা সিদ্ধান্ত ব্যাখ্যা করা আমাদের দায়িত্ব নয়। যারা এই উদ্যোগ নিয়েছেন, তারাই দেশের মানুষকে এর লক্ষ্য, কার্যপদ্ধতি ও সময়সূচি সম্পর্কে জানাবেন।’
যুক্তরাষ্ট্র চলতি বছরের জানুয়ারিতে মধ্যরাতের এক সামরিক অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে, তারা এই সংলাপ উদ্যোগকে ভেনেজুয়েলায় রাজনৈতিক পুনর্মিলনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সমর্থনে নির্বাসিত বিরোধী নেতা দিনোরাহ ফিগুয়েরা গত জুনে স্বল্প সময়ের জন্য ভেনেজুয়েলা সফর করেন। সফরকালে তিনি জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন।
মাচাদো আবারও দাবি করেন, ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। যদিও ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগের মধ্যেই নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
বিবৃতির মাচাদো আরও বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় ফিরে আসব।’
অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেছেন, গত মাসে ভয়াবহ দুটি ভূমিকম্পে পাঁচ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির পর তিনি দেশে ফিরতে চাইলেও অন্তর্বর্তী সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিয়েছে।