বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১১:২৯

জার্মানিতে বাড়ির ছাদে ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস): জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ছাদে ছোট একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ওল্ডেনবুর্গ শহরের কাছে গান্ডারকেসি এলাকার একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ছোট আকারের বিমানটি সরাসরি একটি বাড়ির ঢালু ছাদে আঘাত হানে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, ব্রেমেনের বাসিন্দা ৬৫ ও ৭৭ বছর বয়সী দুই আরোহীর মধ্যে একজন নিহত হয়েছেন এবং অপরজন নিখোঁজ রয়েছেন।

তবে দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযানের পর বিমানটির ধ্বংসাবশেষ সরানোর সময় পুলিশ নিশ্চিত হয়, দুর্ঘটনায় থাকা দুই ব্যক্তিই মারা গেছেন। ডেলমেনহর্স্ট পুলিশ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ছাদে আটকে থাকা বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার কারণে যেসব বাসিন্দাকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা পরে নিজ নিজ ঘরে ফিরেছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।