বাসস
  ২৬ জুলাই ২০২৬, ১১:২৫

নতুন দল গঠন করলেন সেনেগালের প্রেসিডেন্ট

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ (বাসস): এক সময়ের রাজনৈতিক পরামর্শদাতা ও সাবেক প্রধানমন্ত্রী ওসমান সোনকোর সঙ্গে প্রকাশ্য বিরোধের পর শনিবার নতুন রাজনৈতিক দল ‘কিরাই’ গঠন করেছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে।

সোনকো প্যান-আফ্রিকানপন্থী দল পাস্তেফ-এর নেতা। ফায়ে ও সোনকো দুজনই এই দলের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে পাস্তেফের ব্যাপক বিজয়ের মাধ্যমে ফায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার পরপরই ফায়ে সোনকোকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে। 

গত মে মাসে সোনকোকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফায়ে ও সোনকোর বিরোধ চূড়ান্ত রূপ নেয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ডাকারে সমর্থকদের এক জনাকীর্ণ সমাবেশে ফায়ে নতুন দল কিরাইয়ের ঘোষণা দেন। উলফ ভাষায় ‘কিরাই’ শব্দের অর্থ ‘সুরক্ষা’ বা ‘ঢাল’।

সমাবেশস্থলের হোটেল কনফারেন্স কক্ষে জায়গা না পেয়ে শত শত সমর্থক তীব্র গরমের মধ্যেও বাইরে অপেক্ষা করেন। তাদের হাতে ছিল বিভিন্ন সাইনবোর্ড এবং গলায় ছিল ‘ভিভ দিওমায়ে’ লেখা আলংকারিক স্কার্ফ।

‘রিপাবলিকান প্যাট্রিয়টস’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা নতুন দল সম্পর্কে ফায়ে বলেন, এটি  ‘প্রজাতন্ত্র, নৈতিকতা, স্বচ্ছতা, ভ্রাতৃত্ব ও কর্মের’ ভিত্তিতে গড়ে উঠেছে।

-শান্তির মানুষ-

প্যান-আফ্রিকানপন্থী বক্তব্যের কারণে সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সল-এর সঙ্গে রাজনৈতিক সংঘাতের পর তরুণ সেনেগালিদের মধ্যে সোনকোর জনপ্রিয়তা বাড়ে। ম্যাকি সল ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

ফায়ে ও সোনকো দুজনই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা চালান। তারা অর্থনৈতিক রূপান্তর, সামাজিক ন্যায়বিচার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দেন।

তবে তাদের সম্পর্কের ভাঙন ফায়ের কিছু সমর্থকের মনোভাবেও প্রতিফলিত হয়েছে।

ডাকারের উপকণ্ঠ ইয়ুমবেল থেকে আরও ১৫ জন নারীর সঙ্গে সমাবেশে আসা ৪৩ বছর বয়সী মামো খাদি সাল তীব্র গরমের মধ্যে বাইরে অপেক্ষা করছিলেন। 

তিনি ফায়েকে ‘শান্তির বা ভালো মানুষ’ হিসেবে বর্ণনা করেন।

তবে সোনকোর প্রতি তার বিরূপ মনোভাব এতটাই তীব্র ছিল যে তিনি তার নামও উচ্চারণ করতে চাননি।

ডাকারের অর্থনীতিবিদ ও আর্থিক প্রকৌশলী ইব্রা ফায়ে বলেন, প্রশাসনের ভেতরের বিরোধ কমে যাওয়ায় এখন প্রেসিডেন্ট ফায়ে কিছু কাক্সিক্ষত পরিবর্তন বাস্তবায়ন করতে পারবেন বলে তিনি আশাবাদী।

৫৪ বছর বয়সী ইব্রা ফায়ে এএফপিকে বলেন, ‘ক্ষমতায় দুই বছর থাকার পর আমরা বুঝতে পারছি, বর্তমান দলীয় কাঠামোর মধ্যে প্রত্যাশিত পরিবর্তনগুলো বাস্তবায়ন করা সম্ভব ছিল না।’

তিনি আরও বলেন, ‘তিনি যে নীতি বা পদক্ষেপগুলো নিতে চেয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে পারেননি।’

শনিবারের সাধারণ সভায় ফায়ে দাবি করেন, ‘কিরাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ দল।’  

এ সময় তিনি বিভিন্ন মেয়র, বিভিন্ন নেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নতুন দলে যোগ দেওয়ার কথা উল্লেখ করেন।