শিরোনাম

ঢাকা, ২২ জুলাই ২০২৬ (বাসস) : আলজেরিয়ায় দাবানলে ছয়জনের মৃত্যু হয়েছে। উত্তর আফ্রিকার দেশটিতে তীব্র তাপপ্রবাহের মধ্যে এখনো কয়েকটি এলাকায় আগুন জ্বলছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে ।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘সাম্প্রতিক দিনগুলোতে দেশের কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়া দাবানলের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।’
আলজিয়ার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দাবানলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দায়িত্ব পালনে সরকারি কর্তৃপক্ষকে সহায়তা করতে সব প্রদেশকে ‘নিবন্ধিত সব ক্ষয়ক্ষতির জরিপ ও তালিকা তৈরির জন্য একটি সার্বিক কার্যক্রম’ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখনো জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
আলজেরিয়ার উত্তরাঞ্চলে বিস্তীর্ণ এলাকা তীব্র তাপপ্রবাহে আক্রান্ত। এর ফলে কয়েক শত দাবানলের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব দাবানলে দেশটিতে বেশ কজন মানুষের মৃত্যু হয়েছে।