বাসস
  ২২ জুলাই ২০২৬, ১১:৫০

গায়ানায় ফেরি ডুবিতে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : গায়ানার উপকূলে সপ্তাহান্তে একটি ফেরি ডুবিতে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস এ তথ্য জানিয়েছেন।

এমভি বারিমা (এমভি বারিমা) ফেরিটি রাজধানী জর্জটাউন থেকে গায়ানার অভ্যন্তরীণ এসেকুইবো অঞ্চলের পোর্ট কাইতুমার উদ্দেশে যাচ্ছিল। শনিবার রাতে এটি উল্টে যায়। জর্জটাউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রোববার ভোর থেকে জীবিতদের উদ্ধারে অভিযান শুরু হয়। প্রধানমন্ত্রী ফিলিপসের মতে, এখন পর্যন্ত ৭৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে সরকার জানিয়েছিল, ৭৭ জনকে জীবিত পাওয়া গেছে।

মঙ্গলবার দ্বিতীয়বারের মতো মৃতের সংখ্যা সংশোধন করে তা ৪১ থেকে বেড়ে ৫৩ জন হয়েছে বলে জানান  প্রধানমন্ত্রী। 

সংবাদ সম্মেলনে ফিলিপস বলেন, ‘মোট ৫৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৬ জনকে উদ্ধার করা হয়েছে।’

দুর্ঘটনায় ঠিক কতজন ছিলেন, তা নিয়ে শুরুতে বিভ্রান্তি দেখা দেয়। কারণ, যাত্রী তালিকায় ভুলবশত ১৩৩ জনের নাম ছিল বলে জানান গণপূর্তমন্ত্রী হুয়ান এডঘিল।

তবে, সোমবার প্রধানমন্ত্রী ফিলিপস বলেন, দুর্ঘটনার সময় ফেরিটিতে ১৭৯ জন আরোহী ছিলেন বলে তিনি নিশ্চিত।

রোববার সাংবাদিকদের তিনি জানান, দুর্ঘটনার পর পুরোনো এই ফেরির দুই নাবিকের শরীরে গাঁজার উপস্থিতি পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

ফেরিটি দুপুরের দিকে যাত্রা শুরু করেছিল। প্রায় আট ঘণ্টা পর বিপদ সংকেত পাওয়া যায়।

শিপিং ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, ফেরিটি ১৯৩৯ সালে নির্মিত।

পোর্ট কাইতুমায় পৌঁছাতে নৌযানগুলোকে সাধারণত সমুদ্রপথ পাড়ি দিয়ে পরে নদীপথে যেতে হয়। ঘন রেইনফরেস্টের গভীরে অবস্থিত এ জনপদ।

দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলের ছোট দেশ গায়ানা তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চল নিয়ে প্রতিবেশী ভেনেজুয়েলার সঙ্গে দীর্ঘদিন ধরে আঞ্চলিক বিরোধে জড়িয়ে রয়েছে।