বাসস
  ২১ জুলাই ২০২৬, ১৭:৩৮

উত্তর মেসিডোনিয়ায় পানিতে বিষক্রিয়ার ঘটনায় অত্যধিক ব্যাকটেরিয়ার সন্ধান

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্রে গ্রীষ্মের তীব্র খরার মধ্যে পশ্চিমাঞ্চলীয় শহর গোস্তিভারে গত এক সপ্তাহে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে ৩ হাজার ১০০ জনের বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন। গত সপ্তাহের শেষের দিকে সেখানে মহামারি ঘোষণা করা হয়।

কয়েকশ মানুষ আক্রান্ত হওয়ার সঙ্গে পানীয় জলে অস্বাভাবিক মাত্রার ব্যাকটেরিয়ার সম্পর্ক পাওয়া গেছে। মঙ্গলবার দেশটির প্রসিকিউটররা এ তথ্য জানান।

উত্তর মেসিডোনিয়ার স্কোপিয়ে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, ‘গোস্তিভারের পানি সরবরাহ ব্যবস্থাকে দূষিত করার’ সন্দেহে স্থানীয় পানি সরবরাহ প্রতিষ্ঠানের পরিচালক এবং আরো দুই কর্মচারীকে গত সোমবার গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার প্রসিকিউটরের কার্যালয় জানায়, পানীয় জল দূষণের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতির বিরুদ্ধে সৃষ্ট গুরুতর অপরাধে সন্দেহভাজন তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

প্রসিকিউটরদের বিবৃতিতে বলা হয়, পানীয় জল সংরক্ষণের চেম্বারের পাশের একটি বর্জ্য পানির খালে পাম্প বসানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে ওই তিনজনের বিরুদ্ধে।

বিবৃতিতে বলা হয়, পাম্পগুলো ২০ দিনেরও বেশি সময় ধরে চালু ছিল। ১৬ জুলাই সেগুলো শনাক্ত হওয়ার আগ পর্যন্ত ‘ক্ষতিকর উপাদানযুক্ত পানি’ প্রধান পানি সরবরাহ পাইপলাইনে প্রবেশ করেছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ জুলাই প্রথম বিষক্রিয়ার উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়।

জাতীয় খাদ্য ও ভেটেরিনারি সংস্থা গত শুক্রবার থেকে ওই এলাকায় এ পানি ব্যবহার নিষিদ্ধ করেছে।

এ স্বাস্থ্য সংকট এমন সময়ে দেখা দিয়েছে, যখন সেখানে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে।

গোস্তিভারের বাসিন্দাদের বোতলজাত পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, প্রতিদিন শহরটিতে ৫০ হাজার লিটার পানি সরবরাহ করা হবে।