বাসস
  ২০ জুলাই ২০২৬, ১৪:১৬

হাঙ্গেরির প্রেসিডেন্ট পদে সাবেক দাবা চ্যাম্পিয়নের নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : হাঙ্গেরির প্রধানমন্ত্রী সোমবার দেশটির প্রেসিডেন্ট পদে সাবেক দাবা গ্র্যান্ডমাস্টার জুডিত পোলগারের নাম প্রস্তাব করেছেন। 

গত সপ্তাহে সংবিধান সংশোধনের পর পদটি শূন্য হতে যাচ্ছে।

ফেসবুক পোস্টে পিটার ম্যাগইয়ার বলেন, ‘আমাদের দেশের প্রয়োজন ঐক্য, শান্তি ও এমন একজন প্রেসিডেন্ট, যাকে নিয়ে সব হাঙ্গেরীয়রা গর্ব করতে পারে।’

বুদাপেস্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি আরও জানান, পোলগার এ দায়িত্ব নিতে আগ্রহী কি না, তা জানতে মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
গত সপ্তাহে হাঙ্গেরির আইনপ্রণেতারা একটি সংবিধান সংশোধনী পাস করেন। এর ফলে বর্তমান প্রেসিডেন্ট তামাস সুলইয়ককে পদ থেকে অপসারণ করা হবে। 

তিনি সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।