শিরোনাম

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : মস্কো অঞ্চলে গতরাতে হামলার উদ্দেশ্যে পাঠানো চার শতাধিক ড্রোনের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। তবে, এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ।
গত কয়েক মাসে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা জোরদার করেছে। চার বছরের বেশি সময় ধরে ইউক্রেনের ওপর চলা রুশ হামলার প্রতিশোধ হিসেবেই এসব অভিযান চালানো হচ্ছে বলে কিয়েভ জানিয়ে আসছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্র-সমর্থিত ম্যাক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত চার শতাধিক শত্রু ড্রোন মস্কো অঞ্চলের দিকে উড়ে আসে। দূরবর্তী এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করে। মস্কোর কাছাকাছি পৌঁছানোর আগেই ৮৫টি মানববিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করা হয়।’
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, পোদলস্ক, দোমোদেদোভো ও ওদিন্তসভো এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যক্তিমালিকানাধীন বাড়িঘর ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, দোমোদেদোভোতে একটি ব্যক্তিগত বাড়িতে আগুন লাগার ঘটনায় একজন আহত হয়েছেন। এছাড়া, এম-৪ মহাসড়কে একটি গাড়ির কাছে ড্রোন পড়ে গেলে আরেকজন আহত হন।’
দোমোদেদোভো হাসপাতালও সোমবার জানায়, মস্কো অঞ্চলে বিস্ফোরণে আহত তিন বিদেশিসহ ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, গভর্নরের উল্লেখ করা আহতদের সঙ্গে এদের মিল রয়েছে কি না এবং এসব আহতের ঘটনা ড্রোন হামলার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা স্পষ্ট নয়।
মস্কোর দক্ষিণে অবস্থিত দোমোদেদোভো শহরে রুশ রাজধানীর অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
এর আগে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আগের রাতে রাশিয়া কিয়েভে অন্যতম বৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে একজন নিহত ও ১৬ জন আহত হন।