বাসস
  ২০ জুলাই ২০২৬, ১১:৪১

বাহরাইনে বিমান হামলার সাইরেন, নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার সময় উপসাগরীয় দেশ বাহরাইনে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমান হামলার ‘সতর্ক সংকেত বাজানো হয়েছে।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিবৃতিতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, ‘ইরান মানামার কেন্দ্রীয় এলাকার নির্দিষ্ট কিছু স্থাপনায় হামলার চেষ্টা করতে পারেÑএমন তথ্য তাদের কাছে রয়েছে।’

দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার এবং দূতাবাসের সর্বশেষ নির্দেশনা পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থাকা দ্বীপরাষ্ট্র বাহরাইন সাম্প্রতিক দিনগুলোতে ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কুয়েত ও বাহরাইন ইরানের উপসাগরীয় প্রতিবেশীদের ওপর চালানো হামলার প্রধান শিকার হয়েছে। চলতি মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক থাকা সত্ত্বেও পুনরায় সংঘাত শুরু হলে এসব হামলা চালানো হয়।

বাহরাইন অভিযোগ করেছে, ইরান তাদের হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।