শিরোনাম

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রোববার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করেছেন। কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় তিনি এ বিষয়ে ক্ষতিপূরণের দাবি জানান।
রোববারের ম্যাচটি দাবানলের ধোঁয়ার কারণে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ার আগে ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘মার্ক কার্নির সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। তবে, আপনাদের জানা উচিত, ওই অঞ্চলের দাবানল বন্ধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি তাদের সহায়তা করতে পারি, তাহলে করব। তবে, হয়তো তাদের আমাদের কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত, অথবা আমাদের শুল্ক আরোপ করা উচিত।’
কানাডা ও উত্তর মিনেসোটা থেকে ছড়িয়ে পড়া ঘন দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বায়ুর মান অস্বাস্থ্যকর হয়ে পড়ে এবং সতর্কতা জারি করা হয়।
শুক্রবার ট্রাম্প কানাডার বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত অবহেলার" অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘এই দূষণের খরচ অবশ্যই কানাডার ওপর বর্তমানে আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত করতে হবে।’