বাসস
  ১৯ জুলাই ২০২৬, ১৭:১১

ইরানের হামলা প্রতিহত করছে কুয়েত ও বাহরাইন

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস) : ইরানের আকাশপথে চালানো হামলা প্রতিহত করছে কুয়েত ও বাহরাইন। তেহরান অঞ্চলজুড়ে পাল্টা হামলা জোরদার করায়, রোববার উপসাগরীয় এ দুই দেশে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে।

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।

কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এএফপি’র এক সাংবাদিক জানায়, কুয়েত সিটিতে এ সময় সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থাকা দ্বীপরাষ্ট্র বাহরাইনের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা  ইরানি আকাশ হামলার বেশ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত ও ধ্বংস করেছে।

এএফপির এক সাংবাদিক জানান, রাজধানী মানামাজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পর, বাহরাইনের উত্তরাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রোববার ভোরে ইরানের সেনাবাহিনী জানায়, ইরানের ভূখ-ে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরান জানায়, তারা ‘কুয়েতের ক্যাম্প উদাইরিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোলাবারুদ গুদাম এবং আলি আল সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট রাডার ও আকাশ নজরদারি রাডারের বিরুদ্ধে আত্মঘাতী ড্রোনের মাধ্যমে ব্যাপক হামলা’ চালিয়েছে।

কুয়েত ও বাহরাইন উভয় দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারক থাকা সত্ত্বেও, চলতি মাসে আবার সংঘাত শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর মধ্যে ইরানের হামলার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এ দুই দেশে।

শনিবার কুয়েত জানায়, ইরান একটি বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্র এবং একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে।