শিরোনাম

ঢাকা, ১৯ জুলাই, ২০২৬ (বাসস): সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান টেটকে শনিবার যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে শনিবার গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাজ্য তাদের বিরুদ্ধে নতুন করে ধর্ষণ, যৌন নিপীড়নের উদ্দেশ্যে মানবপাচার এবং হামলার অভিযোগে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণ (হস্তান্তর) চাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্রের মার্শালস সার্ভিস এএফপিকে জানিয়েছে, ৩৯ বছর বয়সী অ্যান্ড্রু টেট এবং তার ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা গোপনীয় থাকায় অভিযোগের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম টিএমজেড প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই ভাইকে হাতকড়া পরিয়ে অপেক্ষমাণ গাড়িতে নিয়ে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ট্রিস্টান টেটকে কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাজ্যে অভিযোগের মুখোমুখি থাকা টেট ভাইদের যুক্তরাষ্ট্রের মার্শালরা গ্রেফতার করেছে।
ব্রিটিশ প্রসিকিউটররা এখন তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের আবেদন করবেন।
সিপিএসের বিশেষ অপরাধ বিভাগের প্রধান ম্যালকম ম্যাকহ্যাফি বলেন, ‘আমরা অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটের বিরুদ্ধে আরও কিছু অপরাধের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে রয়েছে ধর্ষণ, যৌন নিপীড়নের উদ্দেশ্যে মানবপাচারের ব্যবস্থা বা সহায়তা করা এবং শিশুর অশ্লীল ছবি সংক্রান্ত অপরাধ।’
তিনি বলেন, ‘সিপিএস যুক্তরাষ্ট্র থেকে টেট ভাইদের প্রত্যর্পণের জন্য আবেদন করেছে। তিনি আরও জানান, ‘বেডফোর্ডশায়ার পুলিশের কাছ থেকে পাওয়া নতুন প্রমাণের ভিত্তিতেই সর্বশেষ অভিযোগগুলো আনা হয়েছে। এর ফলে টেট ভাইদের মামলায় অভিযোগকারী ভুক্তভোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।’
চলতি বছরের শুরুতে লন্ডনের উত্তরে অবস্থিত হার্টফোর্ডশায়ার পুলিশ জানায়, ২০১৪ ও ২০১৫ সালে অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে নারীদের করা ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত আবার শুরু করা হয়েছে।
এছাড়াও, বিভিন্ন নারীর করা পৃথক ধর্ষণ ও মানবপাচারের অভিযোগের মুখোমুখি রয়েছেন তারা। লন্ডনের উত্তরে অবস্থিত তাদের নিজ শহর লুটন যে এলাকার আওতাভুক্ত, সেই বেডফোর্ডশায়ার পুলিশ এসব অভিযোগের তদন্ত করছে।
যুক্তরাজ্যে টেট ভাইদের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগও রয়েছে।
তবে, টেট ভাইরা সব অভিযোগ অস্বীকার করেছেন।
অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট ব্রিটিশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক এবং তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।
ফ্লোরিডা অঙ্গরাজ্য ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রের তাদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করে। তবে, ওই তদন্তের বর্তমান অবস্থা স্পষ্ট নয়।