বাসস
  ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩

হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে ২টি তেল ট্যাংকার বিস্ফোরিত: ইরান

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস): ইরানের রেভল্যুশনারি গার্ড শনিবার জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার মাইন বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী এই দাবি অস্বীকার করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ড বলেছে, ‘এক ঘণ্টা আগে দুটি তেলবাহী জাহাজ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। সেগুলো হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন পাতা এলাকার মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এসব জাহাজকে বিভ্রান্তিকর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো পরিচালনা করছিল।’ তবে বিবৃতিতে জাহাজ দুটির নাম উল্লেখ করা হয়নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রেভল্যুশনারি গার্ড আরও বলেছে, ‘নিজেদের সম্পদ এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ নিজেদের জীবন রক্ষার স্বার্থে নাবিকদের বিভ্রান্ত হয়ে মাইন পাতা এলাকায় প্রবেশ করা উচিত নয়।’

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি অস্বীকার করেছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা বলেছে, ‘আইআরজিসির অধিকাংশ দাবির মতো এটিও মিথ্যা।’

রেভল্যুশনারি গার্ড শনিবার আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা চারটি জাহাজকে তারা ‘থামিয়ে দিয়েছে’।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তারা বলেছে, ‘গত কয়েক ঘণ্টায় সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর সহায়তায় চারটি লঙ্ঘনকারী জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানের মাধ্যমে চারটি জাহাজকেই থামিয়ে দেওয়া হয়েছে।’

ইরান গত এক সপ্তাহ ধরে কার্যত আবারও হরমুজ প্রণালীর চলাচল সীমিত করে রেখেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিতে চাইছে তেহরান। তারা তেলবাহী জাহাজ ও পণ্যবাহী জাহাজগুলোকে সতর্ক করে বলেছে, প্রণালীর উত্তর দিকে ইরানের উপকূলসংলগ্ন পথ ব্যবহার করতে হবে এবং যুক্তরাষ্ট্র যে দক্ষিণাঞ্চলীয় নৌপথ রক্ষার চেষ্টা করছে, তা এড়িয়ে চলতে হবে।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ইরানের হুমকির জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ পুনর্বহাল করেছে। একই সঙ্গে প্রণালীর ওপর নজরদারি ও হুমকি মোকাবিলায় ইরানের সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়ে দেশটিতে রাতভর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।