বাসস
  ১৫ জুলাই ২০২৬, ২১:৪৯

নভেম্বরে স্মৃতিকথা প্রকাশের ঘোষণা জো বাইডেনের

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর হোয়াইট হাউসে দায়িত্ব পালনের সময় নিয়ে লেখা স্মৃতিকথা প্রকাশের ঘোষণা দিয়েছেন।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর ক্যানসারের চিকিৎসা ‘খুব ভালোভাবেই চলছে’।

২০২৫ সালের মে মাসে, প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার চার মাস পর ৮৩ বছর বয়সী বাইডেন জানান, তিনি আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন, যা তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছে। পরে তিনি রেডিয়েশন থেরাপি শুরু করেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় বাইডেন বলেন, ‘প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, জো, আপনি এখন কী করছেন?’

তিনি বলেন, ‘আমি পরিবারের সঙ্গে অনেক সময় কাটাচ্ছি। ক্যানসারের চিকিৎসা নিচ্ছি এবং চিকিৎসা খুব ভালোভাবেই চলছে।’ এ সময় তিনি তাঁর সুস্থতা কামনায় শুভেচ্ছা জানানো সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাইডেন জানান, তাঁর আসন্ন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’তে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় দেশের সামনে আসা নানা চ্যালেঞ্জ, তাঁর নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সেসব সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরা হবে।

বইটিতে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাঁর প্রেসিডেন্সির কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা থাকবে। এর মধ্যে রয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প-সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা, ইউক্রেন যুদ্ধ এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার।

এ ছাড়া তিনি কেন দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরে কেন সরে দাঁড়ান, সেই বিষয়ও বইটিতে স্থান পাবে বলে জানান বাইডেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও স্বাস্থ্যগত সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্নের মুখে ছিলেন বাইডেন। তা সত্ত্বেও ২০২৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থী হন।

তবে ২০২৪ সালের জুনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ব্যাপক চাপের মুখে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পরে তাঁর স্থলাভিষিক্ত প্রার্থী, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্প নির্বাচনে বিজয়ী হন।

গত জুনে ৮০ বছরে পা রাখা ট্রাম্প ২০২৯ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শেষ করলে বাইডেনের ‘সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট’ হওয়ার রেকর্ড অতিক্রম করবেন।

আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হবে বাইডেনের স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’। বইটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের (মিডটার্ম) কয়েক সপ্তাহ পর বাজারে আসবে।

উল্লেখ্য, কমলা হ্যারিসও গত বছর ‘১০৭ ডেজ’ শিরোনামে একটি স্মৃতিকথা প্রকাশ করেন। সেখানে বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাঁর সংক্ষিপ্ত নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।