বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১৭:০৭

বলিভিয়ার নাগরিকদের রাশিয়ার হয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ: তদন্ত শুরু

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে বলিভিয়ার নাগরিকদের রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগে তদন্ত শুরু করেছেন দেশটির প্রসিকিউটররা। 

মঙ্গলবার এ তদন্তের ঘোষণা দেওয়া হয়।

সাম্প্রতিক দিনগুলোতে রুশ সামরিক পোশাক পরা কয়েকজন বলিভিয়ান নাগরিকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অ্যাটর্নি জেনারেল রজার মারিয়াকা তদন্তের ঘোষণা দেন।

লা পাজ  থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংঘাতপূর্ণ এলাকা থেকে ধারণ করা বলে মনে হওয়া একটি ভিডিওতে ২৯ বছর বয়সী বলিভিয়ান নাগরিক হোসে মারিয়া সোলেতো যুদ্ধক্ষেত্রের জীবনের বর্ণনা দেন।

ভিডিওতে তার এক চাচাতো ভাই এবং পেরু ও কলম্বিয়ার বলে ধারণা করা আরও দুজনকে দেখা যায়।
সোলেতোর স্ত্রী মঙ্গলবার জানান, ইউক্রেনে যুদ্ধে তার স্বামী নিহত হয়েছেন।

টেলিভিশন চ্যানেল রেড উনোর বরাত দিয়ে জানা গেছে, গত এপ্রিল মাসে রাশিয়ায় যাওয়ার জন্য তাকে ১৬ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

পেরু ও কলম্বিয়ার কর্তৃপক্ষও তাদের নাগরিকদের অবৈধভাবে ইউক্রেনে নেওয়ার অভিযোগ তদন্ত করছে। 
অভিযোগ রয়েছে, তাদের সংঘাতে অংশ নিতে পাঠানোর উদ্দেশ্যেই এ কৌশল নেওয়া হয়।

লিমায় রাশিয়ার দূতাবাস স্বীকার করেছে, কয়েকজন পেরুভিয়ান রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চুক্তি করেছেন। তবে তাদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় ও আইনসম্মতভাবেই এ সিদ্ধান্ত নিয়েছেন।