শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : দীর্ঘদিনের উত্তেজনা ও ভোগান্তির কারণ হয়ে থাকা সীমান্ত তল্লাশি তুলে নেওয়ার মধ্য দিয়ে বুধবার স্পেন ও ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারের মধ্যে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে।
এএফপির এক সাংবাদিক সীমান্ত এলাকায় উপস্থিত থেকে জানান, মধ্যরাতের কয়েক মিনিট পর প্রথমবারের মতো স্পেন থেকে আসা কয়েক ডজন মানুষ ও যানবাহন কোনো তল্লাশি ছাড়াই সীমান্ত পার হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এ উপলক্ষে কয়েকশ মানুষ সেখানে জড়ো হন এবং স্পেনের পতাকা ওড়ান। এ সময় জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্দো ঘোষণা দেন, ‘ইউরোপ ফিরে এসেছে।
আইবেরীয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্বশাসিত ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারে মাত্র প্রায় ৪০ হাজার মানুষ বসবাস করেন। তবে প্রতিদিন স্পেন থেকে সীমান্ত পার হয়ে প্রায় ১৫ হাজার ৫০০ কর্মী সেখানে কাজ করতে যান।
ব্যস্ত সময়ে সীমান্তে প্রায়ই দীর্ঘ যানজট তৈরি হতো। বিশেষ করে ব্রিটেন ও স্পেনের মধ্যে উত্তেজনা বাড়লে নথিপত্র যাচাইয়ের কারণে ভোগান্তি আরও বেড়ে যেত। স্পেন এই ভূখণ্ডের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে, যা ‘দ্য রক’ নামেও পরিচিত।
তবে, ২০২০ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রাসেলস ও লন্ডনের মধ্যে হওয়া এক চুক্তির আওতায় এখন সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে।
মঙ্গলবার ব্রাসেলসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফচোভিচ, ব্রিটেন ও স্পেনের মন্ত্রীরা এবং জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী পিকার্দো উপস্থিত ছিলেন।
এর আগে এক রেডিও সাক্ষাৎকারে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, এই চুক্তি জিব্রাল্টার ও সংলগ্ন স্পেনীয় অঞ্চলের জন্য ‘নতুন যুগের সূচনা করবে’ এবং ‘বিপুল সুযোগ’ তৈরি করবে।