বাসস
  ১৫ জুলাই ২০২৬, ১৩:০৭

রাশিয়ার হামলায় ইউক্রেনের ওদেসায় নিহত ৩

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসায় বুধবার রাশিয়ার হামলায় তিনজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ওদেসা সামরিক প্রশাসনের প্রধান সেরহি লিসাক টেলিগ্রামে বলেন, ‘শত্রুপক্ষ আবারও শহরটিতে হামলা চালিয়েছে।’ তিনি জানান, হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পরে এক বার্তায় লিসাক বলেন, ‘এ পর্যন্ত পাওয়া তথ্যে, শত্রুপক্ষের হামলায় তিনজন নিহত হয়েছেন।’ তিনি আরও জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।