শিরোনাম

ঢাকা, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার ফ্যাশন ব্র্যান্ড ‘বাই এফ্রেইন মোগোলিয়ন’-এর কারিগররা সাধারণত ঝালরযুক্ত হাতা ও নান্দনিকভাবে ভাঁজ করা স্কার্টসহ রঙিন পোশাক তৈরিতে অভ্যস্ত।
কিন্তু বর্তমানে তারা ওই সমস্ত কাজ বাদ দিয়ে এক বেদনাদায়ক ও কঠিন কাজে নিয়োজিত রয়েছেন। দেশটিতে ভূমিকম্পে নিহত হাজারো মানুষের জন্য মরদেহ রাখার ব্যাগ (বডি ব্যাগ) তৈরি করছেন তারা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির মারাকাই শহরের এই কর্মশালার কর্মীরা কখনও ভাবেননি যে, তাদের এমন কাজ করতে হবে। গত ২৪ জুন দেশটিতে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্পের পর অন্যান্য অনেক প্রতিষ্ঠানের মতো তারাও নিজেদের কাজের অগ্রাধিকার পরিবর্তন করেছেন।
ভূমিকম্পে ৪ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে, মরদেহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বডি ব্যাগের সংকট দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে নীরব থাকতে পারেননি ডিজাইনার এফ্রেইন মোগোলিয়ন। ভূমিকম্পের এক সপ্তাহের মধ্যেই তিনি উত্তর-মধ্যাঞ্চলীয় শহর মারাকাইয়ে থাকা তার ২২ সদস্যের দলকে এই কাজে যুক্ত করেন।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে এএফপিকে ৪৪ বছর বয়সী মোগোলিয়ন বলেন, ‘আমরা মূলত হতবাক হয়েছি। আমরা যা জানি এবং যা করতে পারি, তা দিয়ে কীভাবে সাহায্য করতে পারি, আর এ ক্ষেত্রে সেটা হচ্ছে সেলাইয়ের কাজ।’
সোমবারের মধ্যে মোগোলিয়নের ফ্যাশন হাউস-এ ১ হাজারটি বডি ব্যাগ তৈরি করা হয়েছে। এর অর্ধেক পাঠানো হয়েছে রাজধানী কারাকাসের ন্যাশনাল সার্ভিস অব মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সেসে। বাকি অর্ধেক সরাসরি উদ্ধারকর্মী ও নিহতদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
চূড়ান্তভাবে তৈরি প্রতিটি বডি ব্যাগ ৫০০ মাইক্রন পুরু উচ্চ ঘনত্বের পলিথিন দিয়ে তৈরি। এর দৈর্ঘ্য তিন মিটার এবং প্রস্থ ৯০ সেন্টিমিটার।
প্রতিটি ব্যাগের রোলে যিশুখ্রিষ্টের ‘স্যাক্রেড হার্ট’ চিত্রসহ একটি প্রার্থনা কার্ডও রাখা হয়েছে।
ফ্যাশন হাউস-্র সেলাই কর্মী গ্রিসমারি ভিয়েগাস বলেন, ‘যখন আমাদের বলা হয়েছিল আমরা কী তৈরি করতে যাচ্ছি, তখন বাস্তবতা কঠিনভাবে আঘাত করেছে। তবে ,একই সঙ্গে আমরা অনুভব করছি যে আমরা ভালো কিছু করছি।’
২১ বছর বয়সী ভিয়েগাস বলেন, ‘এটি এই শোকের সময়ে পাশে দাঁড়ানোর একটি উপায়।’
তিনি ১৭ বছর বয়সে এই ফ্যাশন হাউস এ কাজ শুরু করেন। তার আগে তার দাদি ও খালাও একই পেশায় ছিলেন। মাত্র আট বছর বয়স থেকেই সেলাইয়ের কাজ করলেও বর্তমান পরিস্থিতিতে এমন দায়িত্ব পালন করতে হবে, তা কখনও ভাবেননি তিনি।
ভিয়েগাস বলেন, ‘অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সবচেয়ে কঠিন সময়ে একটি দেশ হিসেবে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’ একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আর যেন কোনো বডি ব্যাগের প্রয়োজন না হয়।
এদিকে জাতিসংঘ ১০ হাজার বডি ব্যাগ সরবরাহ করার উদ্যোগ নিয়েছে।