বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১৭:১২

এয়ারবাস দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক সিইও গ্রেফতার

ঢাকা, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : বিমান ক্রয়চুক্তিতে এয়ারবাসের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্স-এর সাবেক প্রধানকে গ্রেফতার করা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানান।

কর্মকর্তারা জানান,  ২০১৩ সালে ২ দশমিক ৩ বিলিয়ন ডলারে ১০টি বিমান কেনার চুক্তির সময় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন কপিলা চন্দ্রসেনা। তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

শ্রীলঙ্কার ঘুষ বা দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশনের একজন কর্মকর্তা বলেন, ‘তিনি (কপিলা) ১ কোটি ৬০ লাখ ডলার ঘুষ গ্রহণের ষড়যন্ত্র করেছেন এবং সিঙ্গাপুরের একটি ব্যাংক হিসাবে ১৪ লাখ ৫০ হাজার ইউরো গ্রহণ করেছেন।’

অভিযোগে উল্লেখ করা হয়েছে, কপিলা চন্দ্রসেনা তার স্ত্রীর নামে ব্রুনাইয়ে একটি ভুয়া কোম্পানি খোলেন। 

এরপর ঘুষের অর্থ সেই প্রতিষ্ঠানের সিঙ্গাপুরের ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা করেন।

শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থাটি বর্তমানে বিপুল ঋণের বোঝা বহন করছে। গত বছরের মার্চের শেষে সংস্থাটির মোট লোকসান ছিল প্রায় ৫৯৬ বিলিয়ন রুপি, যা প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন ডলারের সমান।

কপিলা চন্দ্রসেনাকে এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারিতে একই ধরনের পৃথক একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।