বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১২:৪৯

উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু

ঢাকা, ১৩ মার্চ, ২০২৬ (বাসস): দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর উত্তর কোরিয়া থেকে একটি যাত্রীবাহী ট্রেন শুক্রবার বেইজিংয়ে পৌঁছেছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে চলতি সপ্তাহেই পুনরায় ট্রেন যোগাযোগ শুরু হওয়ার পর এই প্রথম কোনো ট্রেন চীনে পৌঁছাল। চীনের রেল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীন উত্তর কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এছাড়া কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবেও দেশটি উত্তর কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২০ সালে করোনা মহামারির কারণে উত্তর কোরিয়া কঠোরভাবে সীমান্ত বন্ধ করে দিলে দুই দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবশেষে গত বৃহস্পতিবার থেকে এই সেবা পুনরায় চালু হয়েছে।

বেইজিং রেলওয়ের একজন তথ্য কর্মকর্তা এএফপি’কে জানান, পিয়ংইয়ং থেকে আসা ‘কে-২৮’ ট্রেনটি শুক্রবার নির্ধারিত সময়ের তিন মিনিট আগেই সকাল ৮টা ৩৭ মিনিটে বেইজিংয়ে পৌঁছেছে।

এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ইয়ালু নদীর ওপর নির্মিত ‘সিনো-কোরিয়ান ফ্রেন্ডশিপ ব্রিজ’ পার হতে একটি ট্রেনকে দেখা গেছে। নদীটি উত্তর কোরিয়ার সিনুইজু শহরকে উত্তর-পূর্ব চীনের দানদং শহর থেকে আলাদা করেছে।

এএফপি’র সাংবাদিকরা গত বৃহস্পতিবার বেইজিং থেকে পিয়ংইয়ংগামী ‘কে-২৭’ ট্রেনের ভেতরে বেশ কিছু বগি কেবল উত্তর কোরিয়াগামী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকতে দেখেন।

ভ্রমণ সংস্থাগুলো জানিয়েছে, ওই বগিগুলো প্রথমে দানদং নিয়ে যাওয়া হয়। সেখানে অন্য একটি ট্রেনের সঙ্গে জুড়ে দিয়ে সীমান্ত পার করে সিনুইজুতে পাঠানো হয়। সিনুইজু পৌঁছানোর পর সেই বগিগুলো এবং উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ রুটের আরও কিছু বগি একত্রে তৃতীয় আরেকটি ট্রেনের সঙ্গে যুক্ত করে পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা দেওয়া হয়।