বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৯:২৭

৬ বছরের বিরতির পর চীন-উত্তর কোরিয়া ট্রেন পরিষেবা চালু হচ্ছে

ঢাকা, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : কোভিড-১৯ মহামারির কারণে ছয় বছর বন্ধ থাকার পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বৃহস্পতিবার পুনরায় শুরু হচ্ছে। চীনের রেলওয়ে কর্তৃপক্ষ ও ভ্রমণ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। বেইজিং থেকে বার্তা সংস্থা এ খবর জানায়।

চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এ ছাড়া এটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রটির জন্য কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার গুরুত্বপূর্ণ উৎস।

২০২০ সালে কঠোর সীমান্ত বন্ধের কারণে উভয় দেশের মধ্যে ট্রেন যাত্রা বন্ধ হয়ে যায়।

তবে চায়না রেলওয়ে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নিয়মিত ট্রেন পরিষেবা পুনরায় চালু হচ্ছে। 

প্রথম ট্রেন বেইজিং থেকে পজংইয়াং-এর উদ্দেশে রাতে রওনা হবে বলে জানায় তারা।

কে ২৭ ট্রেনটি কয়েকটি জায়গায় থামবে। এর মধ্যে  তিয়ানজিন বন্দর শহরও রয়েছে। এরপর ট্রেনটি উত্তরপূর্ব দিকে উত্তর কোরিয়ার সীমান্তের চীনা শহর ডানডং-এ যাবে।

উত্তর কোরিয়া ভ্রমণে বিশেষজ্ঞ সংস্থা ইয়ং পাইওনিয়ার ট্যুরসের রোয়ান বিয়ার্ড বলেন, পিয়ংইয়ংগামী যাত্রীবাহী ওয়াগনগুলোকে সেখানে অন্য একটি ট্রেনের সঙ্গে সংযুক্ত করা হবে, যা তাদের সীমান্ত পেরিয়ে নিকটবর্তী উত্তর কোরিয়ার সিনুইজু শহরে নিয়ে যাবে।

চায়না রেলওয়ে জানিয়েছে, ওয়াগনগুলো ও উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ গাড়িগুলো একটি নতুন ট্রেনে সংযুক্ত করা হবে এবং ট্রেনটি শুক্রবার সন্ধ্যায় পিয়ং ইয়োং-এ পৌঁছাবে।

চায়না রেলওয়ে জানিয়েছে, ডানডং ও পিয়ংইয়ংয়ের মধ্যে একটি পৃথক দৈনিক পরিষেবা থাকবে।

বেইজিংয়ের একটি সরকারি টিকেটিং বুথের ভ্রমণ সংস্থা মঙ্গলবার এএফপিকে জানিয়েছে, বৈধ ভিসাধারী যে কেউ এখন উত্তর কোরিয়ার ট্রেনের টিকিট কিনতে পারবেন।

এতে অন্তর্ভুক্ত হবে চীনা ব্যক্তিদের পাশাপাশি বিদেশে কর্মরত, অধ্যয়নরত ও পরিবারের সঙ্গে দেখা করতে আসা উত্তর কোরিয়ানরাও অন্তর্ভুক্ত থাকবে।

চায়না রেলওয়ে জানিয়েছে, প্রতি সোম, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে উভয় দিকে ট্রেন চলাচল করবে।

এতে আরও বলা হয়েছে, প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়াগুলো ডানডং সীমান্ত ক্রসিং ও উত্তর কোরিয়ার সিনুইজুতে সম্পন্ন করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে বেশ কয়েকটি চীনা শহরে অফলাইনে টিকিট কেনা সম্ভব হবে।