শিরোনাম

ঢাকা, ১২ মার্চ ২০২৬ (বাসস): ড্রোন সদৃশ একটি উড়ন্ত বস্তু দেখা যাওয়ায় বুধবার বার্লিন বিমানবন্দরে সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত করা হয়। জার্মানি ও ইউরোপের অন্যান্য স্থানে সাম্প্রতিক সময়ে এমন ঘটনার ধারাবাহিকতার মধ্যেই এটি ঘটল। বার্লিন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বিমানবন্দরের এক মুখপাত্র এএফপিকে জানান, জার্মান সেনাবাহিনীর ব্যবহৃত একটি হেলিকপ্টার হ্যাঙ্গারের কাছে ‘অজ্ঞাত উড়ন্ত বস্তু’ দেখা যাওয়ার পর প্রায় আধা ঘণ্টার জন্য ‘নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে’ উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়।
ঘটনাটি তদন্তে পুলিশকে ডাকা হয়। তবে পরে বস্তুটিকে আর দেখা যায়নি।
মুখপাত্র জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটের কিছু পরই বিধিনিষেধ তুলে নেওয়া হয় এবং স্বাভাবিকভাবে বিমান চলাচল পুনরায় শুরু হয়।
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎজ অভিযোগ করেছেন, জার্মানি ও ইউরোপের বিভিন্ন সংবেদনশীল স্থানে সম্প্রতি অনেক ড্রোন দেখার ঘটনার পেছনে রাশিয়া জড়িত থাকতে পারে।
এসব স্থানের মধ্যে রয়েছে বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও বিদ্যুৎকেন্দ্র।
গত অক্টোবরে দক্ষিণাঞ্চলীয় শহর মিউনিখের আকাশে ড্রোন দেখা যাওয়ার ঘটনায় দুইবার বিমানবন্দর বন্ধ রাখতে হয়। এতে বহু ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়ায় হাজারো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়।