বাসস
  ০৮ মার্চ ২০২৬, ১১:৫৯
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১২:০১

আজারবাইজানকে তাদের ভূখণ্ড থেকে ইসরাইলিদের বহিষ্কারের আহ্বান ইরানের সামরিক বাহিনীর 

ঢাকা, ৮ মার্চ, ২০২৬ (বাসস) : ইরানের সেনাবাহিনী গতকাল শনিবার তার প্রতিবেশী আজারবাইজানকে তাদের ভূখণ্ড থেকে ‘ইহুদিবাদীদের বহিষ্কার’ করার আহ্বান জানিয়েছে। 

বাকু তেহরানকে তার ভূখণ্ডে হামলার ষড়যন্ত্রের অভিযোগ করার একদিন পর ইরানের সামরিক বাহিনী এ আহবান জানায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইসরাইল আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র এবং একটি প্রধান অস্ত্র সরবরাহকারী। অন্যদিকে তেহরান দীর্ঘদিন ধরে ইসরাইলকে গোয়েন্দা কার্যক্রমের জন্য আজারবাইজানের ভূখণ্ড ব্যবহার করার অভিযোগ করে আসছে।

একজন সামরিক মুখপাত্র বিবৃতিতে বলেন, ‘আমরা প্রতিবেশী দেশ, আজারবাইজান প্রজাতন্ত্রকে বলছি, একটি মুসলিম দেশ হিসেবে, এই অঞ্চলে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়া রোধ করতে এবং জনগণ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা বিপন্ন না করার জন্য সেই দেশ থেকে ইহুদিবাদীদের বহিষ্কার করা হোক।’ 

আজারবাইজান গত শুক্রবার জানিয়েছে, ‘তারা নিজেদের ভূখণ্ডে পরিকল্পিত একাধিক ইরানভিত্তিক সন্ত্রাসী হামলা ব্যর্থ করেছে। এর মধ্যে ছিল একটি গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন, একটি উপাসনালয় এবং ইহুদি সম্প্রদায়ের নেতাদের ওপর হামলার পরিকল্পনা।’

ইরান এই অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেনি।

গত বৃহস্পতিবার আজারবাইজানের নাখচিভানের ছিটমহলে কমপক্ষে চারটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে একটি বিমানবন্দরে আঘাত হানে।  বাকু এই হামলার জন্য তেহরানকে দায়ী করেছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং ইসরাইলকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করার অভিযোগ করেছে।