শিরোনাম

ঢাকা, ৭ মার্চ, ২০২৬ (বাসস) : ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত রাখার প্রেক্ষাপটে শনিবার সৌদি আরব জানিয়েছে, দেশটি শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের আবাসন হিসেব ব্যবহৃত একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান এয়ার বেস লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে’।
এদিকে পৃথক আরেকটি ঘটনায় সৌদি প্রেস এজেন্সি জানায়, সংযুক্ত আরব আমিরাত সীমান্তের কাছে একটি বড় তেলক্ষেত্র লক্ষ্য করে চালানো ড্রোন হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে চালানো হামলার চেষ্টায় ব্যবহৃত ছয়টি ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব চলতি সপ্তাহের শুরুতে দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা শোধনাগার লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন হামলার কথাও জানিয়েছে।