শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : লেবাননের বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার নতুন করে স্থানীয়দের অন্যত্র চলে যাওযার নির্দেশ জারি করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
বৈরুতের দক্ষিণে দুটি মহল্লার বাসিন্দাদেরও আসন্ন অভিযানের আগে কয়েকটি ভবন থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
সোমবার ইসরাইলি বাহিনী জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর দেশটিতে তাদের আক্রমণ আরও জোরদার করা হবে ও গোষ্ঠীটিকে ‘ভারী মূল্য’ দিতে হবে।
সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাই সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় লেবাননের বাসিন্দাদের প্রতি জরুরি সতর্কবার্তা জানিয়েছেন।
তিনি ৫০টি স্থানের তালিকা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আপনাদের নিরাপত্তার জন্য অবিলম্বে নিজ নিজ ঘরবাড়ি ছেড়ে যেতে হবে।’
তালিকাভুক্ত অধিকাংশ স্থান দক্ষিণ লেবাননে। হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ইসরাইল নিয়মিত এ সব এলাকায় হামলা চালায়।
আরেকটি সতর্কবার্তায় আদ্রাই দক্ষিণ বৈরুতের ঘোবেইরি ও হারেত হ্রেইক মহল্লার বাসিন্দাদের দুটি ভবন এড়িয়ে চলতে বলেন।
তিনি আরও বলেন, ‘আপনাদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য অবিলম্বে এসব ভবন ও সংলগ্ন ভবন ত্যাগ করতে হবে ও অন্তত ৩০০ মিটার দূরে অবস্থান করতে হবে।’
পরে দেওয়া আরেক সতর্কবার্তায় আদ্রাই ‘দক্ষিণ বৈরুতের উপশহর হাদাথ মহল্লায়’ অবস্থানকারীদের তৃতীয় একটি ভবন এড়িয়ে চলার আহ্বান জানান।
সোমবার লেবানন সরকার নজিরবিহীন পদক্ষেপ হিসেবে হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ করে। এতে ইরান-সমর্থিত গোষ্ঠীটি তীব্র প্রতিক্রিয়া জানায়।
হিজবুল্লাহ সরকার ও সংসদ— দুই ক্ষেত্রেই প্রতিনিধিত্ব করে। যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির নিহত হওয়ার প্রতিশোধ নিতে সোমবার ভোরে তারা ইসরাইলের দিকে রকেট ও ড্রোন ছোড়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর জবাবে সোমবার দক্ষিণ বৈরুতের উপশহর ও দক্ষিণ লেবাননের কয়েক ডজন গ্রামে বোমাবর্ষণ করে ইসরাইল।
লেবানন সরকার জানায়, ইসরাইলি হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১৫৪ জন আহত হয়েছেন।