শিরোনাম

ঢাকা, ৩ মার্চ, ২০২৬ (বাসস) : সৌদি রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে মঙ্গলবার ভোরে দুইটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে একটি ছোট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এদিকে ইরান উপসাগরীয় অঞ্চলজুড়ে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। রিয়াদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুইটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে সীমিত অগ্নিকাণ্ড ঘটে ও ভবনে সামান্য ক্ষতি হয়।’
দুজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, তারা দূতাবাসের আশপাশে দমকলের গাড়ি দেখতে পেয়েছেন।
এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত মার্কিন মিশনের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখেছেন এবং বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। ওই এলাকায় বিভিন্ন বিদেশি দূতাবাস অবস্থিত।
নাম প্রকাশ না করার শর্তে সৌদি সেনাবাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়, হামলার সময় রিয়াদের কূটনৈতিক এলাকা লক্ষ্য করে আসা চারটি ড্রোন সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের দূতাবাস জেদ্দা, রিয়াদ ও দাহরানে ‘শেল্টার ইন প্লেস’ নির্দেশনা জারি করে। পাশাপাশি, এ অঞ্চলের যেকোনো সামরিক স্থাপনায় অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করা হয়।
সৌদি আরবে এই হামলার সময়ই উপসাগরীয় বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ আঘাত হানে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করছে।
কাতারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ভোরে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
পরে রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির এক সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা।
ইরানের পাল্টা হামলায় তেলসমৃদ্ধ এই অঞ্চলের বিভিন্ন বন্দর, বিমানবন্দর, আবাসিক ভবন ও হোটেলের পাশাপাশি সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।
এএফপির এক সংবাদদাতা জানান, সোমবার কুয়েত সিটির মার্কিন দূতাবাস থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে ।
পরে কুয়েতভিত্তিক এক কূটনীতিক ও এক পশ্চিমা কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, কয়েকটি ড্রোন হামলায় দূতাবাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতভিত্তিক আরেক কূটনীতিক বলেন, ভবনটিতে
সরাসরি আঘাত হানা হয়েছে।