বাসস
  ০২ মার্চ ২০২৬, ১৫:১৪

কুয়েত সিটিতে মার্কিন দূতাবাস থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে: এএফপি প্রতিনিধি

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাঙ্গণ থেকে সোমবার কালো ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন এএফপি প্রতিনিধি। ইরান টানা তৃতীয় দিনের মতো উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে। 

কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দূতাবাস কর্তৃপক্ষ লোকজনকে সেখানে না যেতে অনুরোধ জানিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর, প্রতিশোধ হিসেবে ইরান নতুন করে হামলা চালায়। 

সর্বশেষ হামলার পর কুয়েত সিটিতে সাইরেন বেজে ওঠে।

দূতাবাসে সরাসরি আঘাত হেনেছে— এমন ঘোষণা দেওয়া হয়নি। তবে একটি নিরাপত্তা সতর্কবার্তা জারি করে সবাইকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অব্যাহত হুমকি রয়েছে। দূতাবাসে আসবেন না।’

আরও বলা হয়, মার্কিন দূতাবাসের কর্মীরা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভোরে দেশটিকে লক্ষ্য করে আসা অনির্দিষ্ট সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইরানের এ সব হামলায় এখন পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে পাঁচ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুয়েতের একজন রয়েছেন।

সোমবার ভোরে আবুধাবি, দুবাই, দোহা, মানামা ও কুয়েত সিটিতে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপি প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেও দীর্ঘদিন শান্তি ও নিরাপত্তার আশ্রয়স্থল হিসেবে পরিচিত উপসাগরীয় অঞ্চল, এখন ইরানের নজিরবিহীন ও অব্যাহত হামলায় কেঁপে উঠছে। 

এ সব হামলায় সামরিক ঘাঁটির পাশাপাশি আবাসিক ভবন, হোটেল, বিমানবন্দর ও সমুদ্রবন্দরসহ বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।