শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস) : ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের জেরুজালেমে রোববার রাতে অন্তত তিন জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা।
দেশটির পুলিশ জানায়, শহরের একটি প্রধান সড়কে ক্ষেপণাস্ত্র ‘সরাসরি আঘাত’ হেনেছে।
ইসরাইলের জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত শনাক্ত করা হয়েছে।
প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, সড়কের একটি অংশে ধ্বংসাবশেষ ও ইট-পাথরে ছড়িয়ে আছে এবং সেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড আদোম জানিয়েছে, আহতদের মধ্যে ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ধারালো বস্তুর দ্বারা মাঝারি মাত্রার আঘাতে আহত হয়েছেন। ঘটনাস্থলে আরও কয়েকজনকে হালকা আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।
এএফপি সাংবাদিকরা শহরের আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২ ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ ও উদ্ধার কর্মীদের মোতায়েনের দৃশ্য সম্প্রচার করেছে।
একটি এলাকা জেরুজালেম অঞ্চলে ও অন্যটি দেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত বলে জানানো হয়।
জেরুজালেম অঞ্চলের ফুটেজে একটি সড়কজুড়ে ধ্বংসাবশেষ ও পাথর ছড়িয়ে থাকতে দেখা গেছে। দেশের কেন্দ্রীয় অংশে ক্ষতিগ্রস্ত গাড়িও দেখা গেছে।
ইসরাইলে সামরিক সেন্সরশিপের কারণে গণমাধ্যমকে ক্ষেপণাস্ত্র আঘাতের সুনির্দিষ্ট স্থান প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে।