বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৫:৪৩

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ফেরার আহ্বান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং আজ (রোববার) উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে পিয়ংইয়ং প্রতিবেশী দেশটির সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নাকচ করে দেয়।

সিউল থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গত জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে শান্তিপন্থী লি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা চালিয়ে আসছেন। 

তবে গত সপ্তাহে দলীয় বৈঠকে উত্তর কোরিয়া আবারও তাদের সিউল বিরোধী অবস্থান স্পষ্ট করে।

লি এক ভাষণে বলেন, ‘আমার প্রশাসন বারবার পরিষ্কার করেছে, আমরা উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থাকে সম্মান করি। কিন্তু কোন ধরনের শত্রুতায় জড়াব না, কিংবা একীভূতকরণের  প্রচেষ্টা চালাব না।

তিনি আরও বলেন, আমরা উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ফেরার চেষ্টা অব্যাহত রাখব।

অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত সপ্তাহে সিউলের কূটনৈতিক উদ্যোগকে ‘ভুলভাল, প্রতারণামূলক নাটক ও দুর্বল কাজ’ বলে আখ্যা দেন।

দলীয় কংগ্রেসে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া ‘সবচেয়ে শত্রুতাভাবাপন্ন সত্তা’ এবং এটিকে স্থায়ীভাবে ‘বন্ধুত্বের তালিকা থেকে বাদ দেওয়া হবে।

তবে কিম ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থানকে স্বীকৃতি দেয়, তাহলে ওয়াশিংটনের সঙ্গে ‘ভালো সম্পর্ক’ গড়ে তোলা সম্ভব।

এদিকে চীন সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক করবেন কি না— এ নিয়ে জল্পনা চলছে। 

গত বছর ট্রাম্প বলেছিলেন, তিনি কিমের সঙ্গে বৈঠকে বসতে ‘শতভাগ’ প্রস্তুত।

ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তার কয়েকটি শীর্ষ বৈঠক হয়েছিল। 

তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক ছাড়ের বিষয়ে সমঝোতা না হওয়ায়, আলোচনাগুলো ভেস্তে যায়।