শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘বিপজ্জনক অভিযান’ আখ্যা দিয়ে এটি আঞ্চলিক ‘বিপর্যয়’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে ইরান ও ইসরাইলে অবস্থানরত নিজ নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে মস্কো।
মস্কো থেকে এএফপি জানায়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, ‘ওয়াশিংটন ও তেলআবিব আবারও এমন এক বিপজ্জনক অভিযানে নেমেছে, যা দ্রুত পুরো অঞ্চলকে মানবিক, অর্থনৈতিক এবং সম্ভাব্য তেজস্ক্রিয় বিপর্যয়ের কিনারায় নিয়ে যাচ্ছে।’
তারা অভিযোগ করে, ‘আগ্রাসীদের উদ্দেশ্য স্পষ্ট ও প্রকাশ্য—একটি অনাকাঙ্ক্ষিত রাষ্ট্রের সাংবিধানিক শৃঙ্খলা ধ্বংস করা এবং এমন একটি সরকারকে উৎখাত করা, যা শক্তি ও আধিপত্যবাদের নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে।’
রাশিয়া বলেছে, এই ‘মানবসৃষ্ট সংকট’-এর নেতিবাচক পরিণতি এবং সহিংসতার সম্ভাব্য অনিয়ন্ত্রিত বিস্তারের সম্পূর্ণ দায় হামলাকারীদের ওপর বর্তাবে।
মস্কো আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে তারা সহায়তা করতে প্রস্তুত।
ইউক্রেন অভিযানের সময় তেহরান মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে আবির্ভূত হয়। ২০২৫ সালে রাশিয়া ও ইরান একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, যার লক্ষ্য ছিল সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদার করা।
কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে, ইরান রাশিয়াকে ইউক্রেনে অভিযানের জন্য শাহেদ ড্রোন ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।