শিরোনাম

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শনিবার জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্য থেকে অপ্রয়োজনীয় কর্মীদের প্রত্যাহার করছে। ইইউ সাম্প্রতিক ঘটনাবলিকে ‘বিপজ্জনক’ আখ্যায়িত করেছে।
ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনীর বরাতে জানা গেছে, হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইইউর শীর্ষ কূটনীতিক কায়া কাল্লাস লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যজুড়ে সাম্প্রতিক ঘটনাবলি বিপজ্জনক। ইরানের শাসনব্যবস্থা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি, পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।’
বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন অগ্রাধিকার উল্লেখ করে কাল্লাস জানান, তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এবং অঞ্চলের অন্যান্য মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।
কাল্লাস বলেন, ইইউ নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আমাদের কনস্যুলার নেটওয়ার্ক পুরোপুরি সক্রিয় রয়েছে। অগুরুত্বপূর্ণ ইইউ কর্মীদের অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হচ্ছে।