বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪

ভিয়েতনামের শীর্ষ নেতা তো লাম ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন 

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভিয়েতনামের শীর্ষ নেতা তো লাম এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এর উদ্বোধনী সভায় ট্রাম্পের আমন্ত্রণে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ভিয়েতনাম আজ মঙ্গলবার তো লামের সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত জানুয়ারিতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত লাম, ট্রাম্পের আমন্ত্রণে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করবেন।

সফর সম্পর্কে অবহিত দুটি সূত্র গত সপ্তাহে এএফপিকে জানিয়েছে যে, লাম বিশ্ব নেতাদের বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।

ভিয়েতনাম গত মাসে জানিয়েছে, প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র হিসেবে ‘শান্তি বোর্ড’-এ যোগদানের জন্য ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন লাম।

ট্রাম্প এই ‘শান্তি বোর্ড’-র চেয়ারম্যান। বোর্ডটি মূলত ইসরাইল ও হামাসের মধ্যে দুই বছরের যুদ্ধের পর গাজা উপত্যকার পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে। তবে এর সনদ ফিলিস্তিনি ভূখণ্ডের বাইরেও বিস্তৃত বলে মনে হচ্ছে।

আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে এর প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত মাসে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, লাম বলেছেন যে তিনি মধ্যপ্রাচ্য শান্তির জন্য ‘ইতিবাচক অবদান’ রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত বছর ওয়াশিংটন ভিয়েতনামী পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের পর ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।

এই মাসে দুই দেশ ষষ্ঠ দফা আলোচনা করেছে, কিন্তু চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি।

লাম ট্রাম্পের সাথে বৈঠক করবেন কিনা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করবেন কিনা তা জানা যায়নি।