শিরোনাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নিতে চলতি সপ্তাহে জেনেভায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। রোববার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানান, ইরান-বিষয়ক প্রধান আলোচক হিসেবে এই দুই প্রতিনিধি ওয়াশিংটনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেবেন।
ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার মন্ত্রণালয় জানিয়েছে, জেনেভায় তিনি সুইজারল্যান্ড ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন।
গত ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু হয়। এর আগে গত জুনে ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলার পর ১২ দিনের যুদ্ধ শুরু হলে আলোচনা ভেঙে পড়ে। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্রও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়ে অংশ নেয়।
ইরান জানিয়েছে, জেনেভার আলোচনা হবে ওমানের আগের দফার মতোই ‘পরোক্ষ’।
সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন তেহরানকে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে এবং গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের পর অঞ্চলে একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে আলোচনা শুরু হচ্ছে।
ইরানবিষয়ক বৈঠকের পর উইটকফ ও কুশনার জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন সংক্রান্ত আলোচনাতেও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।