শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে ভারত ও মালয়েশিয়া সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে। একই সঙ্গে ভারত মহাসাগরীয় প্রতিবেশী দুই দেশ বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্কও জোরদার করছে।
পুত্রাজায়া (মালয়েশিয়া) থেকে এএফপি জানায়, মোদি শনিবার মালয়েশিয়ায় পৌঁছান, এক দশকের বেশি সময় পর এটি তার প্রথম সফর। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে একাধিক চুক্তি স্বাক্ষর করেন।
মোদি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি আমরা সেমিকন্ডাক্টর, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা খাতে অংশীদারিত্ব এগিয়ে নেব।’
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এই বৈঠক ও মতবিনিময় ভারত ও মালয়েশিয়ার সম্পর্ক আরও এগিয়ে নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৌশলগত ও তাৎপর্যপূর্ণ।’
মালয়েশিয়া বিশ্বে সেমিকন্ডাক্টর রপ্তানিতে ষষ্ঠ অবস্থানে রয়েছে এবং সরকারি তথ্য অনুযায়ী এ খাত দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় ২৫ শতাংশে অবদান রাখে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ‘খুব শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম’ রয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এই খাতে তাদের প্রায় ৩০ থেকে ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, গবেষণা ও উন্নয়ন, উৎপাদন এবং পরীক্ষাগার স্থাপনসহ বিভিন্ন ক্ষেত্রে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতায় ভারতীয় কোম্পানিগুলো আগ্রহী।
উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, গত জুনে টাটা ইলেকট্রনিক্স মালয়েশিয়ায় একটি ফ্যাব্রিকেশন প্ল্যান্ট অথবা আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি ও টেস্টিং প্ল্যান্ট কেনার বিষয়ে বৈশ্বিক সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করছিল বলে ভারতীয় ও মালয়েশীয় সংবাদমাধ্যমে সে সময় খবর প্রকাশিত হয়।
ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত বছর ভারত ৭ দশমিক ৩২ বিলিয়ন (প্রায় ৭৩২ কোটি) ডলারের পণ্য রপ্তানি করেছে, যার প্রধান অংশ ছিল প্রকৌশল ও পেট্রোলিয়ামজাত পণ্য।
অন্যদিকে মালয়েশিয়া থেকে আমদানি হয়েছে ১২ দশমিক ৫৪ বিলিয়ন (প্রায় ১ হাজার ২৫৪ কোটি) ডলারের পণ্য, যার মধ্যে প্রধান ছিল খনিজ, ভোজ্য তেল এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৬ দশমিক ৮ শতাংশ, অর্থাৎ প্রায় ৩০ লাখ।
মোদি বলেন, এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশের মধ্যে ‘একটি জীবন্ত সেতুবন্ধন’, যা দ্বিপক্ষীয় সম্পর্কের একটি বড় শক্তি। তাদের কল্যাণে নেওয়া পদক্ষেপ আমাদের সম্পর্ককে মানবিক ভিত্তি প্রদান করে।